বাংলাদেশ-আমেরিকা সম্পর্ক অত্যন্ত ইতিবাচক অবস্থানে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি বলেন, আগামী দিনে এ সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করতে উভয় দেশ কাজ করবে।

বৃহস্পতিবার রাতে আমেরিকার প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ড. খলিলুর রহমান বলেন, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অভিবাসনসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে এটি ছিল স্বল্পপরিসরের বৈঠক, তাই ভবিষ্যৎ সহযোগিতার সামগ্রিক দিকনির্দেশনা নিয়েই বেশি আলোচনা হয়েছে।

বোয়িং উড়োজাহাজ ক্রয়ের বিষয়ে তিনি বলেন, শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস নয়, দেশের বেসরকারি প্রতিষ্ঠানও বোয়িংয়ের উড়োজাহাজ কিনছে, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ইতিবাচক দৃষ্টান্ত।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে আন্তর্জাতিক মানবিক সহায়তা পায়, তার অর্ধেকেরও বেশি আসে আমেরিকা থেকে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ বা এ-সংক্রান্ত কোনো নির্দিষ্ট কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমেরিকার সঙ্গে সব পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। এটি ধারাবাহিক কূটনৈতিক সম্পৃক্ততারই অংশ।

আমেরিকার নতুন শুল্ক (ট্যারিফ) ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারিত হয়েছে। পাশাপাশি মার্কিন তুলা বা আমেরিকায় উৎপাদিত ম্যান-মেইড ফাইবার ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে ট্যারিফ কোটা সুবিধাও দেওয়া হয়েছে, যা বাংলাদেশের রপ্তানির জন্য ইতিবাচক।

মানবাধিকার ও র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, এ ইস্যুতে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা হলেও সর্বশেষ বৈঠকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি।

ড. খলিলুর রহমান আরও জানান, আগামী ৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এ দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়েও সার্জিও গরের সঙ্গে আলোচনা হয়েছে।