দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি বলেন, বেসরকারি খাতের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশের সব বন্দরেই ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

মাহদী আমিন বলেন, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বয়ের মাধ্যমে এমন ব্যবস্থা করবে, যাতে বাংলাদেশের প্রতিটি বন্দর ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করতে পারে। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত হবে এবং ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে।

তিনি জানান, বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, বিনিয়োগের পরিবেশ, শিল্প খাতের চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন অর্থনৈতিক অঞ্চলগুলোতে কীভাবে আরও বেশি বিনিয়োগ আনা যায় এবং বিদ্যমান জটিলতা দূর করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রধানরা মতামত দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার বেসরকারি খাতের বিকাশে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ ও নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ব্যবসা ও বিনিয়োগের জন্য কার্যকর নীতিগত সহায়তা থাকবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।

মাহদী আমিন জানান, বৈঠকে উত্থাপিত বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত আসায় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা পরিচালনা সহজ হবে, বিনিয়োগ বাড়বে এবং দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।