ওমানে ১৪ দিনের ফ্রি ট্যুরিস্ট ভিসা, জারি নতুন নিয়ম
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬
কয়েকটি দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করেছে ওমান। দেশটির বিদেশিদের আবাসন আইনসংক্রান্ত নির্বাহী বিধিমালায় সংশোধন এনে এ সুবিধা চালু করা হয়েছে।
রোববার (২ আগস্ট) গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রয়্যাল ওমান পুলিশ সিদ্ধান্ত নম্বর ১০৯/২০২৬-এর মাধ্যমে নতুন এ বিধান জারি করেছে। দেশটির পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শারাইকি এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই এটি কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচিত দেশের নাগরিকদের ১৪ দিনের পর্যটন ভিসা সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করতে পারবে।
এ ছাড়া, এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজন হলে এটি বিধিমালায় উল্লেখিত অন্য যেকোনো পর্যটন ভিসার শ্রেণিতে পরিবর্তন করা যাবে। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভিসার জন্য নির্ধারিত যোগ্যতা, শর্ত এবং ফি প্রযোজ্য হবে।
সংশোধিত বিধিমালায় ১৪ দিনের এই নতুন ভিসা ক্যাটাগরিকে নির্বাহী বিধিমালার ১০ নম্বর ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২৯ নম্বর ধারার সরকারি ভিসা সূচিতেও এর ফি শূন্য ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে।
তবে কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, সে তালিকা এখনো প্রকাশ করেনি ওমানের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে নির্ধারিত দেশের নাগরিকরাই এই ১৪ দিনের বিনামূল্যের পর্যটন ভিসার আওতায় আসবেন।



