রাষ্ট্রপতি পদে এবার ভোট, ইতিহাসে দ্বিতীয়বার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল ও ১১ দলীয় জোটের প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি পদে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের ইতিহাসে এটি হবে রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের মতো ভোটের আয়োজন।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় জোট। জোটের বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে সরকারি দল বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন ভবন থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন।

তবে বিএনপির পক্ষ থেকে এখনো রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, কয়েকজনের নাম আলোচনায় থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন।

সরকারি দল ও বিরোধী পক্ষের প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

দ্বিতীয়বার ভোটের সম্ভাবনা

বাংলাদেশের ইতিহাসে এর আগে মাত্র একবার রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুর রহমান বিশ্বাস। ওই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী।

এরপর থেকে দেশের সব রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী জোটের প্রার্থী অলি আহমদের জয় পাওয়ার সম্ভাবনা কম। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন।

সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন নির্বাচন

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রার্থী একজন হলে ভোট হবে না

রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থী থাকলে এবং যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ বিবেচিত হলে ভোটের প্রয়োজন হবে না। নির্বাচন কমিশন তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে।

তবে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে কমিশন তাঁদের নাম ঘোষণা করবে এবং সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন অনুযায়ী স্পিকার সাত দিন আগে সংসদের বৈঠক আহ্বান করতে পারেন। সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ইতোমধ্যে জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে। অধিবেশনটি স্বল্পমেয়াদি হতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক মনোনয়নপত্র জমা দেওয়া হলেও যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্রই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।