আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এই সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের তারিখ ২২ ও ২৩ আগস্ট হতে পারে। ভারতের স্বাধীনতা দিবসের এক সপ্তাহ পর এই সফর হতে পারে। তবে সফরের বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, সফরটি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে।

সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের ক্ষেত্রেও সফরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে বলা হয়েছে, দুই দিনের সফরটি মূলত দ্বিপক্ষীয় সফর হিসেবেই পরিকল্পনা করা হচ্ছে।

ভারত সফরের আমন্ত্রণ আগেই

গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

এ ছাড়া সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকসের ওই আয়োজনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্যে ব্রিকস সম্মেলনের চেয়ে দ্বিপক্ষীয় সফরকে বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

সফর এখনো চূড়ান্ত নয়

ঢাকার সরকারি সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরের প্রস্তুতি নীরবে এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকও হয়েছে।

তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতির ওপর সফরের বিষয়টি নির্ভর করছে বলে জানান তিনি।