পে স্কেল বাস্তবায়নের খসড়া চূড়ান্ত, কোন গ্রেডে বেতন কত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়নের খসড়া চূড়ান্ত করেছে এ সংক্রান্ত সচিব কমিটি। সরকারের অনুমোদনের জন্য আগামী সপ্তাহে এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি চলছে।
খসড়া প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না। গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার কম-বেশি হতে পারে।
কমিটি সূত্র জানায়, নতুন বেতন কাঠামো কত ধাপে বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন ধাপে ধাপে না বাড়িয়ে একবারে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে উচ্চ গ্রেডের বেতন ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব থাকতে পারে।
তবে কোন গ্রেডে কত টাকা মূল বেতন নির্ধারণ করা হবে—সে বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। মন্ত্রিসভার অনুমোদনের পরই গ্রেডভিত্তিক বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



