থাইল্যান্ডে শ্রমিক সংকট, বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে থাইল্যান্ড। গত ১২ আগস্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করে এ আগ্রহের কথা জানিয়েছে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দল।

থাইল্যান্ডের শ্রমবিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন জানান, কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের কারণে থাইল্যান্ডে নির্মাণ, হালাল ফ্যাক্টরি ও কৃষি খাতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে এসব খাতে কর্মী নিতে দেশটি বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহী।

মন্ত্রী আরিফুল হক আশা প্রকাশ করেন, থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রাথমিক ব্যয় নিয়োগকর্তা বহন করবেন। একই সঙ্গে কর্মীদের কল্যাণ, ন্যায্য মজুরি, আবাসন ও চিকিৎসা বীমার জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থা বিদ্যমান থাকবে বলেও আশা জানান তিনি।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বোয়েসেলের মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য থাই প্রতিনিধি দলকে আহ্বান জানান।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী থাই প্রতিনিধি দলকে জানিয়েছেন, অচিরেই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা সম্ভব হবে।