চার বছরে ভারতে নিখোঁজ ৫ লাখ ৩৫ হাজার শিশু
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬
ভারতে শিশু নিখোঁজের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটিতে মোট ৫ লাখ ৩৫ হাজার ৯ জন শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৬ হাজার ২৩ জনকে উদ্ধার করা গেলেও এখনো ১ লাখ ৮৮ হাজার ৯৮৬ জন শিশু নিখোঁজ রয়েছে।
রাজ্যসভায় এই তথ্য উপস্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার। লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, চার বছরে শিশু নিখোঁজের ঘটনা ক্রমাগত বেড়েছে এবং ২০২৪ সালে সর্বাধিক ঘটনা রেকর্ড হয়েছে।
এনসিআরবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতে ১ লাখ ৪৭ হাজার ১৭৫ শিশু নিখোঁজ হয়। এর মধ্যে ৯৮ হাজার ৮২৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৪৮ হাজার ৩৪৯ জন।
২০২৩ সালে নিখোঁজ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬০৯ শিশু। এ বছর ৮৯ হাজার ৮০৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪৮ হাজার ৮০০ জন এখনো নিখোঁজ।
২০২২ সালে নিখোঁজ হয়েছে ১ লাখ ২৭ হাজার ৮৭৪ শিশু। এর মধ্যে ৮০ হাজার ৫৬১ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ৪৭ হাজার ৩১৩ জন।
২০২১ সালে নিখোঁজ হয়েছিল ১ লাখ ২১ হাজার ৩৫১ শিশু। এর মধ্যে ৭৬ হাজার ৮২৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪৪ হাজার ৫২৪ জন নিখোঁজ রয়েছে।
২০২৪ সালে পশ্চিমবঙ্গে সর্বাধিক শিশু নিখোঁজের ঘটনা রেকর্ড হয়েছে। ওই বছর রাজ্যটিতে ২২ হাজার ৭৪২ শিশু নিখোঁজ হয়। এর মধ্যে ১৭ হাজার ১৬৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৫ হাজার ৫৭৩ জন এখনো নিখোঁজ।
এনসিআরবির তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা ও দিল্লি শিশু নিখোঁজের ঘটনায় শীর্ষে রয়েছে।
জম্মু ও কাশ্মীরেও শিশু নিখোঁজের ঘটনা বেড়েছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে সেখানে ৩ হাজার ২২১ শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০৪ জনকে উদ্ধার করা হয়েছে, আর ২ হাজার ১৭ জন এখনো নিখোঁজ। ২০২১ সালে সেখানে ৭২৩ শিশু নিখোঁজ হয়েছিল, যা ২০২৪ সালে বেড়ে ৮৩৮ জনে দাঁড়িয়েছে।
শিশু নিখোঁজের সঙ্গে মানব পাচারের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে কেন্দ্র জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে মানব পাচার সংক্রান্ত গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ার তথ্য এনসিআরবি সংরক্ষণ করেছে। তবে কতগুলো মামলা এখনো বিচারাধীন রয়েছে, সে তথ্য কেন্দ্রীয়ভাবে রাখা হয় না।
মানব পাচার প্রতিরোধে সরকার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) গড়ে তোলার জন্য আর্থিক সহায়তা দিয়েছে। তবে পুলিশ ও জনশৃঙ্খলা রাজ্য তালিকাভুক্ত বিষয় হওয়ায় এসব ইউনিট গঠন ও জনবল নিয়োগের দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত প্রশাসনের ওপরই বর্তায়।
এনসিআরবির তথ্য অনুযায়ী, ভারতে শিশু নিখোঁজের ঘটনা বড় সামাজিক সংকটের রূপ নিয়েছে। প্রতি বছর বিপুলসংখ্যক শিশু নিখোঁজ হচ্ছে। তাদের অনেককে উদ্ধার করা গেলেও উল্লেখযোগ্যসংখ্যক শিশু এখনো নিখোঁজ রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের মতো রাজ্যে পরিস্থিতি উদ্বেগজনক। মানব পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগ থাকলেও শিশু নিখোঁজের সংখ্যা কমাতে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা উঠে এসেছে।



