‘কোনো পরিবর্তন হবে না’, ইউক্রেনকে সমর্থনে অনড় ব্রিটিশ প্রধানমন্ত্রী
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬
ইউক্রেনে সম্প্রতি চালানো হামলায় ব্রিটিশ তৈরি ড্রোন ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মস্কো ‘পরিণতি’ ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে। এর জবাবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনকে ‘শতভাগ সমর্থন’ দিয়ে যাবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বার্নহাম বলেন, ‘আমরা সুসময়ের বন্ধু নই। ইউক্রেনের এই সংকটের মুহূর্তে আমরা তাদের পাশে থাকব এবং এতে কোনো পরিবর্তন হবে না।’
এর আগে যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস ব্রিটেনের বিরুদ্ধে ‘ইউক্রেন সংকটকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকে দেওয়ার’ অভিযোগ আনে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘এই সংঘাতে তাদের সম্পৃক্ততা যত গভীর হবে… তত বেশি মূল্য তাদের চোকাতে হবে।’
ইউক্রেন রাশিয়ার রাজধানীসহ দেশটির অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে হামলা জোরদার করেছে। এসব হামলায় বিশেষ করে তেল শোধনাগার এবং রাশিয়ার প্রধান ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের লজিস্টিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
রাশিয়ার এই হুমকির বিষয়ে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান। তিনি বলেন, যুক্তরাজ্য মূলত ‘ইউক্রেনকে আত্মরক্ষার জন্য সহায়তা দিচ্ছে’ এবং সংঘাতের শুরু থেকেই পূর্ববর্তী প্রধানমন্ত্রীরা যে ব্রিটিশ অবস্থান নিয়েছেন, তার ক্ষেত্রেও সেই নীতি অপরিবর্তিত রয়েছে।
ইউক্রেনকে ড্রোন প্রযুক্তির পাশাপাশি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহের ভূমিকার জন্য রাশিয়া এর আগেও যুক্তরাজ্যকে সতর্ক করেছিল। রুশ দূতাবাস জানিয়েছে, লন্ডনের এসব পদক্ষেপের কারণে অনিবার্যভাবেই এমন কিছু পরিণতি নেমে আসবে, যার জবাবদিহি তাদের করতে হবে। তবে মস্কো ঠিক কী ধরনের হুমকির কথা বলছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।



