নাইজেরিয়ার গ্রামে বাড়ি বাড়ি হামলা, নিহত ২৫
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতো রাজ্যের একটি গ্রামে রাতভর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় কাউন্সিলর লেমন লিয়ান ইলিয়া হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে ২৩ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
হামলার পর ওই এলাকায় প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আমোস জন জানান, হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাসিন্দাদের হত্যা করে। পরে আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা অন্তত ২৫-এ দাঁড়ায়।
প্লাতো পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানান, পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে।
স্থানীয় সংগঠন মওয়াঘাভুল ইয়ুথ মুভমেন্ট অভিযোগ করেছে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। সংগঠনটির মুখপাত্র তুবওত জোয়েল সানডে বলেন, বারবার গ্রাম ধ্বংস, নিরীহ মানুষ হত্যা, বাড়িঘরে আগুন এবং কৃষিজমি নষ্টের ঘটনাকে আর সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।



