বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

দেশে চলমান বিদ্যুৎসংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘বিদ্যুৎসংকট আওয়ামী লীগ সরকারের পাপের ফল।’

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎসংকটের কারণে মানুষ কষ্ট পাচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে নিয়েছেন এবং জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘বিদ্যুতের সংকটে মানুষ কষ্ট পাওয়ায় প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে মনোকষ্ট পেয়েছেন এবং জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। অথচ বিগত সরকারের সময় বলা হতো—“সব বন্ধ করে দেখাই, আগে কী ছিল।”’

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের বিদ্যুৎসংকটের জন্য ন্যূনতম কোনো দায় নেই। এটি আগের সরকারের সময়কার বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ফল।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের কাছ থেকে বড় ধরনের বিজয় পেয়েছে। জনগণ যে প্রত্যাশা ও প্রতিশ্রুতির ওপর সরকারকে দায়িত্ব দিয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষা করতে সরকার কাজ করছে।’

এ কাজে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।