রানওয়ের মাত্র ৯১ মিটার বাকি থাকতে উড়ল বিমান!

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

রানওয়ের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল বিমান। উড্ডয়ন বাতিল করার মতো পর্যাপ্ত রানওয়েও আর অবশিষ্ট ছিল না। এমন সংকটময় মুহূর্তে রানওয়ের মাত্র ৯১ মিটার বাকি থাকতে আকাশে উড়েছে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকা ৩০৩ জন।

ঘটনাটি ঘটেছে গত ১৫ আগস্ট জার্মানির মিউনিখ বিমানবন্দরে। ভিয়েতনাম এয়ারলাইন্সের ফ্লাইট ভিএন৩৪ মিউনিখ থেকে হ্যানয়ের উদ্দেশে উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে।

ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে ২৭১ জন যাত্রী ও ১৬ জন ক্রু নিয়ে বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেয়। টেক অফ রোলের সময় বিমানটির গতি বাড়তে গিয়ে প্রায় দুই সেকেন্ডের জন্য থমকে যায়। পরে আবার গতি বাড়তে শুরু করে এবং বিমানটি উড্ডয়নের প্রয়োজনীয় গতির কাছাকাছি পৌঁছে যায়।

কিন্তু এরপরই আবার বিমানের গতি কমে যায়। ততক্ষণে পাইলটরা বুঝতে পারেন, উড্ডয়ন বাতিল করলে বিমানটিকে থামানোর মতো পর্যাপ্ত রানওয়ে আর নেই। ফলে ঝুঁকি নিয়ে উড্ডয়ন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। ইঞ্জিনের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত রানওয়ের মাত্র ৯১ মিটার বাকি থাকতে আকাশে ওঠে বিমানটি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের আগে বিমানটি রানওয়ের প্রায় পুরো অংশ ব্যবহার করেছে। বিমানটির পেছনে ধুলোর মতো মেঘও দেখা যায়।

উড্ডয়নের পরপরই বিমানের সিস্টেমে সতর্কবার্তা আসে। এতে বিমানের লেজ রানওয়েতে ঘষা লাগার আশঙ্কা এবং টায়ারের চাপসংক্রান্ত সতর্কতা জানানো হয়। বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান ক্রুরা। এরপর বিমানটি মিউনিখে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে সঙ্গে সঙ্গে অবতরণ না করে বিমানটি প্রায় দুই ঘণ্টা আকাশে চক্কর দেয়। জ্বালানি কমিয়ে অবতরণের ওজন নিরাপদ পর্যায়ে আনতে প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকে বিমানটি।

পরে মিউনিখ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বোয়িং ৭৮৭টি। অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারের আশপাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিদর্শনে বিমানের টেইল স্ট্রাইক এবং চারটি চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

অবতরণের পর ভ্রাম্যমাণ সিঁড়ি ব্যবহার করে বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে টার্মিনালে নেওয়া হয়। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও সৌভাগ্যক্রমে বিমানে থাকা ২৮৭ জন যাত্রী ও ১৬ জন ক্রুর কেউ আহত হননি।

ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, ১৬ আগস্ট বিকেলের মধ্যে ফ্লাইটটির সব যাত্রীর বিকল্প ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে যাত্রীদের জন্য নতুন ফ্লাইট, থাকার ব্যবস্থা, খাবার ও পরিবহনের সুবিধাও দেওয়া হয়েছে।

বিমানটির উড্ডয়নের সময় কেন দুইবার গতি কমে গিয়েছিল, সেটি খতিয়ে দেখছে জার্মানি ও ভিয়েতনামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানে কারিগরি সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছে ভিয়েতনাম এয়ারলাইন্স। তবে ক্রুরা নির্ধারিত নিরাপত্তাবিধি মেনেই পরিস্থিতি মোকাবিলা করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।

ঘটনার তদন্তে ভিয়েতনাম এয়ারলাইন্সের সঙ্গে বোয়িং এবং বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানও কাজ করছে। তদন্ত শেষ হলে উড্ডয়নের সময় বিমানের গতি কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।