ইমরানকে হাসপাতালে নেওয়ার আদেশে সরকারের রিভিউ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছে পাকিস্তান সরকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার।
এক ভিডিও বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, আদালতের আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করা হবে। তার যুক্তি, সাজাপ্রাপ্ত বন্দিদের চিকিৎসা কারাগারের ভেতরে অথবা সরকারি হাসপাতালে হওয়া উচিত।
তিনি বলেন, জেল আইনে কোনো বন্দিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। ইমরান খানকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেওয়া হলে তা অন্য বন্দিদের ক্ষেত্রেও আইনি জটিলতা তৈরি করতে পারে।
এর আগে মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
৭৩ বছর বয়সী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের পাশাপাশি তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করারও অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তার চিকিৎসা ও স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই তার পরিবার ও দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।



