ভূমধ্যসাগরে ১১ দিন খাবার-পানি ছাড়া, ৯ বাংলাদেশির মৃত্যুর দাবি

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা বিকল হয়ে প্রায় ১১ দিন খাবার ও পানি ছাড়া ভেসে থাকার ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন উদ্ধার হওয়া এক বাংলাদেশি। নিহতদের মধ্যে নয়জন বাংলাদেশি বলে জানিয়েছেন তিনি।

ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিশরে চিকিৎসাধীন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের আবদুল করিমের বরাতে কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দূতাবাস জানিয়েছে, স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবদুল করিমের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট ৪২ জন যাত্রী লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। পরে ভূমধ্যসাগরে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং জ্বালানি শেষ হয়ে যায়। প্রায় ১১ দিন সাগরে ভেসে থাকার পর ১৩ আগস্ট তারা মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছান।

স্থানীয় লোকজন নৌকাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে প্রায় ২৯ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়। তাদের অনেকেই অচেতন ছিলেন। পরে তাদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়।

আবদুল করিমের ভাষ্য অনুযায়ী, নৌকায় কোনো খাবার বা পানি ছিল না। প্রচণ্ড গরম ও খাবার-পানির সংকটে একে একে ১১ জন মারা যান। তাদের মরদেহ সাগরে ফেলে দিতে হয়।

তবে এই মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি মিশরের পুলিশ। জাকির হোসেন বলেন, মিশরের পুলিশ বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করার মতো তথ্য তাদের কাছে নেই। ফলে নিহতের সংখ্যা ও পরিচয় এখনো যাচাই করা সম্ভব হয়নি।

দূতাবাসের কর্মকর্তারা উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার অনুমতি চেয়েছেন। তাদের সঙ্গে কথা বলা সম্ভব হলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন জাকির হোসেন।

আবদুল করিমের তথ্য অনুযায়ী, ৪২ যাত্রীর মধ্যে ৩৮ জন বাংলাদেশি এবং চারজন সুদানের নাগরিক ছিলেন। দীর্ঘ সময় সাগরে থাকার কারণে বেঁচে যাওয়া যাত্রীদের অনেকের শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও পচন ধরার কথাও জানিয়েছেন করিম।