কলকাতায় হোটেলে আগুন: ৭ বাংলাদেশির মৃত্যু, ইজারাদারসহ গ্রেপ্তার ৩
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেল ‘শিখা ইন’-এর ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কলকাতার এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় আবু জাফর ছাড়াও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দুজনের একজন ‘শিখা ইন’-এর পাশের হোটেল ‘যাপন’-এর কর্মী।
তবে ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে আগুন লাগে। এতে ৯ জন নিহত হন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক।
হোটেলটি একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত। আগুন পরে আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অতিথিরা ঘুমিয়ে ছিলেন। আগুনের পর ঘরগুলো ধোঁয়ায় ভরে গেলে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বের হওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নিউ মার্কেট থানার পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।
স্থানীয়দের বরাতে আনন্দবাজার জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে আগুনের শিখা খুব একটা দেখা যাচ্ছিল না। ভবন থেকে শুধু ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
আগুন থেকে বাঁচতে হোটেলের অতিথিরা বাইরে বের হওয়ার চেষ্টা করলেও সরু গলির কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। ভবনটিতে প্রবেশ ও বের হওয়ার পথও ছিল অত্যন্ত সংকীর্ণ। এতে সেখানে হুড়োহুড়ি শুরু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরে ভবনটি থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে অনেকে ধোঁয়ায় অচেতন হয়ে পড়েছিলেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশির মৃত্যু হওয়ায় কলকাতায় থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার কারণ এবং হোটেলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।



