হরমুজ প্রণালিতে ‘ব্ল্যাকমেইল’ বন্ধের আহ্বান কাতারের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে কাতার। একই সঙ্গে প্রণালিকে কোনো পক্ষের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’ বা চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি।
মিসরের এল আলামেইনে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, সংঘাতে জড়িত কোনো পক্ষই হরমুজ প্রণালির ইস্যুকে অন্য পক্ষের ওপর চাপ সৃষ্টি বা ‘ব্ল্যাকমেইল’ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।
তিনি বলেন, চলমান যুদ্ধের প্রভাব শুধু উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর পরিণতি বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্যও গুরুতর হয়ে উঠেছে।
শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বলেন, পরিস্থিতিকে যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া প্রয়োজন। হরমুজ প্রণালিতে নৌ চলাচলে যেকোনো ধরনের হুমকি বা বাধা সৃষ্টির ঘটনারও নিন্দা জানান তিনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এ জলপথে নৌ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।



