সরবরাহ সংকটে বিশ্ববাজারে বাড়ছে ডিজেলের দাম
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬
হরমুজ প্রণালি সংকট, মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়া এবং বৈশ্বিক মজুত হ্রাসের কারণে বিশ্ববাজারে ডিজেলের দাম দ্রুত বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক সপ্তাহে কৃষি, পণ্য পরিবহন ও শীতকালীন জ্বালানির চাহিদা বাড়ায় পরিস্থিতি আরও সংকটপূর্ণ হতে পারে।
গত কয়েক মাসে হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল ব্যাপকভাবে কমে গেলেও অপরিশোধিত তেলের দাম প্রত্যাশার তুলনায় খুব বেশি বাড়েনি। যুদ্ধের আগের তুলনায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলেও গত ছয় মাসে অপরিশোধিত তেলের ফিউচার মূল্য খুব কমই ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। তবে ডিজেলের বাজারে এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।
সাম্প্রতিক মাসগুলোতে কৃষি খাতের বাড়তি চাহিদা এবং যুদ্ধের কারণে সরবরাহ সংকটের আশঙ্কায় ডিজেলের দাম বেড়েই চলেছে। এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম এবং তা থেকে পরিশোধিত ডিজেলের দামের পার্থক্য—ডিজেল ক্র্যাক স্প্রেড—এ সপ্তাহে আমেরিকা ও ইউরোপ উভয় বাজারেই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
আমেরিকায় এ সপ্তাহে ডিজেল ক্র্যাক স্প্রেড প্রথমবারের মতো তিন অঙ্কে পৌঁছেছে। গত সোমবার অপরিশোধিত তেলের তুলনায় ডিজেলের প্রিমিয়াম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১০২ ডলারে উঠেছে।
বিশ্লেষকদের মতে, অপরিশোধিত তেলের বাজার ভবিষ্যৎ সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশা প্রকাশ করলেও ডিজেলের বাজার বাস্তব সরবরাহ সংকটের স্পষ্ট সংকেত দিচ্ছে। চলতি বছর ডিজেলের ব্যবহার এখনো উল্লেখযোগ্যভাবে বাড়েনি। এরপরও এর প্রাপ্যতা কমে যাওয়ায় দাম ও অর্থনীতিতে এর প্রভাব পড়ছে।
ইরান ও ইউক্রেনের যুদ্ধ ডিজেলের বৈশ্বিক বাজারকে আরও অস্থির করে তুলেছে। এর ফলে মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে জ্বালানি পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। একই সময়ে অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে কয়েক মাস ধরে বিধিনিষেধের পর চীনের জ্বালানি রপ্তানিও এখনো উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়ায়নি। এর সঙ্গে হরমুজ প্রণালির অধিকাংশ সময় বন্ধ থাকায় সংকট আরও তীব্র হয়েছে।
মধ্যপ্রাচ্য, রাশিয়া ও চীন থেকে কমে যাওয়া ডিজেলের সরবরাহ পূরণ করতে আমেরিকা ও ইউরোপের শোধনাগারগুলো সর্বোচ্চ সক্ষমতায় উৎপাদন চালাচ্ছে। তবে এতে পুরোপুরি স্বস্তি মিলছে না। বিশ্বজুড়ে, বিশেষ করে আমেরিকায় মধ্যম-ডিস্টিলেট জ্বালানির মজুত দ্রুত কমছে। বছরের এই সময়ে পাঁচ বছরের গড়ের তুলনায় আমেরিকায় এই মজুত এখন ১২ শতাংশ কম।
রেকর্ড পরিশোধন মুনাফার কারণে অনেক শোধনাগার সরবরাহ বাড়াতে নির্ধারিত রক্ষণাবেক্ষণও পিছিয়ে দিচ্ছে। ফলে প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চলছে। এতে কোনো বড় ধরনের সরবরাহ বাধা বা অপ্রত্যাশিত উৎপাদন বন্ধ হলে ডিজেলের দাম নতুন রেকর্ডে পৌঁছানোর ঝুঁকি বাড়ছে।
জ্বালানি প্রবাহ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভরটেক্সার জ্যেষ্ঠ তেল বাজার বিশ্লেষক রোহিত রাঠোড বলেন, বিশ্বজুড়ে শোধনাগারগুলোর মুনাফা প্রায় রেকর্ড পর্যায়ে রয়েছে। এর প্রধান কারণ গুরুতর ও ক্রমবর্ধমান ডিজেল ঘাটতি।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটি ডিজেল রপ্তানি নিষিদ্ধ করেছে। অন্যদিকে ইরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালি সংকটের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পরিবহন সমস্যা তৈরি হয়েছে। ফলে দুই অঞ্চল থেকেই ডিজেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।
ভরটেক্সার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে ডিজেল ও গ্যাসঅয়েল রপ্তানি ৫০ শতাংশের বেশি কমেছে। দৈনিক প্রায় ৩৩ লাখ ব্যারেল থেকে তা নেমে এসেছে ১৬ লাখ ব্যারেলে।
এর ফলে আমেরিকা ও ইউরোপে মজুত কমে যাওয়া এবং চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতির কারণে বৈশ্বিক ডিজেল বাজার সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। আমেরিকায় ডিজেলের গড় দাম এক মাসে ৮ শতাংশ বেড়েছে। এক বছর আগে গড় দাম ৩.৬৯ ডলার থাকলেও বর্তমানে তা ৪০ শতাংশের বেশি বেড়েছে।
আগামী কয়েক সপ্তাহে ডিজেলের চাহিদা আরও বাড়তে পারে। বিভিন্ন দেশে কৃষকেরা ফসল কাটার প্রস্তুতি নেবেন। পাশাপাশি ছুটির মৌসুমের আগে দোকানে পণ্য মজুত করতে ট্রাক চলাচল বাড়বে। শীতকাল সামনে রেখে বিভিন্ন দেশেও গ্যাসঅয়েল কেনার চাহিদা বাড়তে পারে।
উচ্চ দামের কারণে পেট্রলের চাহিদা কিছুটা কমতে পারে। তবে ডিজেলের ক্ষেত্রে চাহিদা কমানো সহজ নয়। কারণ কৃষি, পরিবহন, শিল্পসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো ডিজেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
এনার্জি অ্যাসপেক্টের রবার্ট ক্যাম্পবেল বলেন, ডিজেল শিল্প ও অর্থনীতির প্রাণ। তাই এর ব্যবহার হঠাৎ করে কমিয়ে দেওয়া সম্ভব নয়।
ফলে সামনে ডিজেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি বিভিন্ন পণ্যের দামেও মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। আমেরিকায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে বাড়তি জ্বালানি ব্যয় ভোক্তাদের ওপরও অতিরিক্ত চাপ তৈরি করতে পারে।
সূত্র: অয়েলপ্রাইসডটকম



