মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার কোটা খুলেছে
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
মালয়েশিয়া ধাপে ধাপে বিদেশি কর্মী নিয়োগের কোটা চালু করছে। এর অংশ হিসেবে দেশটির রেস্টুরেন্ট খাতে ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের কোটা খোলা হয়েছে।
ইতোমধ্যে এ কোটার আওতায় ৫ হাজার কর্মী নিয়োগের আবেদন এবং ১ হাজার ৩৩ জন নিয়োগকর্তার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে মালয়েশিয়া। ২২ আগস্ট ২০২৬ থেকে বিদেশি কর্মী নিয়োগের সব আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে।
দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে নিয়োগকর্তাদের সরকারি দপ্তরে গিয়ে সরাসরি আবেদন জমা দিতে হবে না। বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত পুরো প্রক্রিয়া ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে সরকারি দপ্তরে বারবার যাওয়ার ঝামেলা কমানো, আবেদন প্রক্রিয়ার সময় কমিয়ে আনা এবং বিদেশি কর্মী নিয়োগের ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করাই সরকারের লক্ষ্য।
তবে অনলাইন পদ্ধতি চালু হলেও বিদেশি কর্মী নিয়োগের নিয়ম বা যোগ্যতার শর্তে কোনো শিথিলতা আনা হয়নি। প্রতিটি আবেদন আগের মতোই দেশটির আইন, নির্ধারিত যোগ্যতা, কর্মী নিয়োগ নীতি এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার যাচাই-বাছাইয়ের আওতায় থাকবে।
বিদেশি কর্মী নিয়োগের জন্য নিয়োগকর্তাকে প্রথমে প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। সব শর্ত পূরণ হলে পরবর্তী ধাপে শর্তসাপেক্ষ অনুমতিপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন সম্পূর্ণ ও প্রয়োজনীয় সব শর্ত ঠিক থাকলে একজন কর্মীর অনুমোদন ১৪ দিনের মধ্যে পাওয়া যেতে পারে।
মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কোটা চালুর এ উদ্যোগ বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।



