আমেরিকার অর্থনৈতিক যুদ্ধে অংশ নিলে শত্রু গণ্য করা হবে : ইরান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬
ইরানের বিরুদ্ধে আমেরিকার শুরু করা ‘অর্থনৈতিক যুদ্ধে’ কোনো দেশ অংশ নিলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই।
শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ সতর্কবার্তা দেন।
মোহসেন রেজাই বলেন, সব দেশের উচিত আমেরিকার শুরু করা অর্থনৈতিক যুদ্ধে অংশ না নেওয়া। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নিলে তাকে শত্রু হিসেবে গণ্য করা হবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দেশগুলো যদি আমেরিকার সাথে থেকে নিজেদের অবস্থান পরিবর্তন করতে অস্বীকৃতি জানায়, তাহলে ইরান তাদের স্বার্থে আঘাত হানার মতো পাল্টা ব্যবস্থা নিতে পারে।
রেজাই দাবি করেন, ইরানের হাতে এখনো অনেক পাল্টা ব্যবস্থা ও কৌশল রয়েছে। এতদিন ইরান আমেরিকার কোনো অর্থনৈতিক স্বার্থে হামলা চালায়নি বলেও উল্লেখ করেন তিনি।
তবে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে পরিস্থিতি বদলে যেতে পারে বলে সতর্ক করেন রেজাই। তাঁর ভাষ্য, তখন ইরানের আশপাশে এবং বিশ্বের বিভিন্ন স্থানে থাকা আমেরিকার তেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
রেজাই আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো পদক্ষেপ নিলে ইরানের পাল্টা জবাব হবে ‘ভূমিকম্পের মতো’।
ইরানের এই বক্তব্যের মধ্য দিয়ে আমেরিকার সাথে দেশটির চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে তেল ও বাণিজ্যিক স্থাপনায় হামলার হুমকি আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।



