অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি নেতা-কর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে গঠনমূলক কাজে সম্পৃক্ত হয়ে দলকে আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দলের মধ্যে দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে ৫ আগস্টের পর দলের চেয়ারম্যান তারেক রহমান দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিয়েছেন।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন অনৈতিক কাজে না জড়ান। সবাইকে গঠনমূলক কাজে সম্পৃক্ত থেকে দলকে শক্তিশালী করতে হবে, যাতে নেতা-কর্মীরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন।

দলের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে রিজভী বলেন, বিএনপিকে সুশৃঙ্খল ও সুসংগঠিতভাবে পরিচালনা করাই এখন প্রধান দায়িত্ব। দলের চেয়ারম্যানের নির্দেশনায় চলমান সাংগঠনিক কর্মকাণ্ড যথাযথভাবে সম্পন্ন ও আরও শক্তিশালী করতে তিনি কাজ করবেন।

তিনি বলেন, জনগণের সমর্থন ও শুভেচ্ছা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। তার ঘোষিত কর্মসূচিগুলো জনগণের স্বার্থ ও মানবকল্যাণকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে দলের নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে।

রিজভী আরও বলেন, দলের নেতা-কর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এবং সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ পাবে না।

তিনি বলেন, সরকারের প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না।

বিএনপির জনপ্রিয়তার বিষয়ে রিজভী বলেন, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যেসব কাজ করেছেন, তার ধারাবাহিকতায় জনগণের মধ্যে বিএনপির গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

তারেক রহমানও সেই ধারাবাহিকতায় নতুন নতুন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন বলে উল্লেখ করেন তিনি। এসব কর্মসূচি বাস্তবায়নে দলের নেতা-কর্মীরা সহযোগিতা করবেন এবং জনগণের কাছে তা তুলে ধরবেন বলেও জানান রিজভী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না হলেও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করে সমর্থন দেবেন।

তিনি দাবি করেন, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, চক্রান্ত ও ষড়যন্ত্র চললেও বিভিন্ন জরিপে দলটির জনপ্রিয়তা বেশি দেখা গেছে। জনগণের স্বার্থে কাজ করলে সরকার কখনো ব্যর্থ হয় না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।