বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬
বাংলাদেশ ও ভারতের মধ্যে গত বছর প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে যেসব ক্ষেত্রে উন্নয়নের সুযোগ রয়েছে, সেসব বিষয় নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত স্থলবন্দরগুলো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু এবং স্থলপথে সুতা আমদানি পুনরায় শুরুর বিষয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া সাব্রুমসহ আরও কয়েকটি সড়ক যোগাযোগের বিষয়ও ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে আলোচনায় তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের পক্ষ থেকেই আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তা সত্ত্বেও গত বছর দুই দেশের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।
তিনি বলেন, ‘এর অর্থ হলো অর্থনৈতিক বিবেচনা অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়।’
বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের ভোক্তাদের কম মূল্যে পণ্য ও সেবা ভোগের সুযোগ করে দেওয়া সম্ভব।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী। এ বিষয়ে দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাবও দিয়েছেন ভারতীয় হাইকমিশনার।
তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্কে গতি আনা এবং নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র খুঁজে বের করা একটি চলমান প্রক্রিয়া। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।



