যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসের খনির সন্ধান পেল ইরান
নতুন গ্যাসক্ষেত্রে ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি মজুত পেল ইরান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পর ইরানের জ্বালানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই দেশটি ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি প্রাকৃতিক গ্যাসের নতুন মজুতের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ বলেন, ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে নতুন এই গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে। সেখানে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। এর মধ্যে প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
তিনি বলেন, নতুন এই গ্যাসের মজুত বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্সের একটি পর্যায়ে প্রায় ১৫ বছরের উৎপাদনের সমান। ইরান ও কাতার যৌথভাবে এই গ্যাসক্ষেত্র ব্যবহার করে।
পাকনেজাদ আরও জানান, ইরান যত দ্রুত সম্ভব নতুন এ গ্যাসসম্পদ উত্তোলনের কাজ শুরু করতে চায়। তবে বাস্তবে গ্যাস উৎপাদন শুরু হতে কয়েক বছর সময় লাগতে পারে।
যুদ্ধ শুরুর আগেই পশ্চিমা নিষেধাজ্ঞা, পর্যাপ্ত বিনিয়োগের অভাব ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইরানের জ্বালানি খাত সংকটে ছিল।
ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া হামলা এবং সাউথ পার্সসহ বিভিন্ন জ্বালানি অবকাঠামোয় বিমান হামলার কারণে ইরান তার দৈনিক গ্যাস উৎপাদন সক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ হারিয়েছে।
পরে কিছু উৎপাদন সক্ষমতা আবার চালু করা হলেও সরকার চলতি শীতে গ্যাসের ঘাটতির আশঙ্কা প্রকাশ করেছে। একই সঙ্গে নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে।



