থার্ড টার্মিনাল ডিসেম্বরে, নিউ ইয়র্কে সরাসরি ফ্লাইট আগামী বছর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

আগামী বছর ঢাকা-নিউ ইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিংয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে শিগগিরই ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করারও পরিকল্পনা রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।

গত ২৩ আগস্ট সচিবালয়ে মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, থার্ড টার্মিনালের সফট ওপেনিংয়ের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। টার্মিনাল পরিচালনার বিষয়ে জাপানি একটি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আগামী বছর ঢাকা-নিউ ইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

সরাসরি ফ্লাইট চালু হলে আমেরিকাপ্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দীর্ঘ ট্রানজিটের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। দীর্ঘদিনের সক্ষমতা সংকট কমার পাশাপাশি আন্তর্জাতিক যাত্রীসেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে।

আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিসুবিধা যুক্ত হওয়ায় দেশের বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বাড়াতে বহরে শিগগিরই ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিদ্যমান রুটে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন আন্তর্জাতিক রুট সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাকে তিনি অগ্রাধিকার দেবেন। কাজের সুবিধার্থে সপ্তাহে একদিন সিভিল অ্যাভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি।