মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের বড় অবদান

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বাড়ার সঙ্গে দেশটির অর্থনীতিতে তাদের অবদানও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বর্তমানে দেশটিতে থাকা প্রায় ১ লাখ ৬৭ হাজার বিদেশি শিক্ষার্থী বছরে প্রায় ২০ বিলিয়ন রিঙ্গিত দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন।

এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের (ইএমজিএস) প্রধান নির্বাহী নোভি তাজউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

ইএমজিএসের গবেষণা অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থী মাসে গড়ে প্রায় ১০ হাজার রিঙ্গিত ব্যয় করেন। এর মধ্যে টিউশন ফি, আবাসন, খাবার ও অন্যান্য জীবনযাত্রার খরচ রয়েছে। ফলে বিদেশি শিক্ষার্থীদের অর্থনৈতিক কর্মকাণ্ড শুধু বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নয়; স্থানীয় খাবারের দোকান, পরিবহন, আবাসন ও বিভিন্ন সেবা খাতেও এর প্রভাব পড়ছে।

নোভি তাজউদ্দিন বলেন, কোনো শিক্ষার্থী তেরেঙ্গানুর ইউনিসজা বা ইউএমটিতে পড়াশোনা করলে তার ব্যয়ের মাধ্যমে আশপাশের স্থানীয় সম্প্রদায়ও সামাজিক ও অর্থনৈতিকভাবে উপকৃত হয়।

বর্তমানে মালয়েশিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রধান পছন্দের তালিকায় যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া ও কানাডা থাকলেও এখন মালয়েশিয়াও সেই তালিকায় জায়গা করে নিয়েছে।

গত তিন বছরে দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩ শতাংশ বেড়েছে। বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণ বাড়াতে মালয়েশিয়া ২০৩৫ সালের মধ্যে ৫ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

এই লক্ষ্য অর্জনে বিশ্বের সাত থেকে আটটি অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে প্রচারণা চালাচ্ছে দেশটি।

বর্তমানে মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় উৎস দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। অধিকাংশ শিক্ষার্থী স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করলেও সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়েও উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি শিক্ষার্থী রয়েছেন।

বিদেশি শিক্ষার্থীদের কাছে মালয়েশিয়ার জনপ্রিয়তার অন্যতম কারণ তুলনামূলক কম খরচে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ। বিশেষ করে চিকিৎসাশিক্ষার মতো কিছু বিষয়ে বছরে প্রায় ৩ হাজার থেকে ৬ হাজার মার্কিন ডলারে পড়াশোনার সুযোগ রয়েছে, যা ইউরোপ ও আমেরিকার অনেক দেশের তুলনায় কম। পাশাপাশি দেশটিতে জীবনযাত্রার ব্যয়ও তুলনামূলকভাবে সাশ্রয়ী।