সার ব্যবস্থাপনায় নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
সার উত্তোলন, বিতরণ ও সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম তদারকিতে কৃষি মন্ত্রণালয়কে সহায়তার জন্য নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি। কৃষি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি সার উত্তোলন, বিতরণ এবং ডিলার নিয়োগের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে। এর মাধ্যমে সার ব্যবস্থাপনায় সমন্বয় ও তদারকি জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন এই কমিটি গঠনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।



