ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এর জবাবে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের দাবি, আমেরিকার অর্থনৈতিক চাপ মোকাবিলায় তারা প্রস্তুত এবং প্রয়োজন হলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুরু হওয়া ইরান যুদ্ধ প্রায় ছয় মাসে গড়িয়েছে। এর মধ্যেই ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। ওয়াশিংটনের দাবি, নতুন পদক্ষেপগুলো ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিগুলোকে বিচ্ছিন্ন করবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ ঘোষণা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশগুলো ডলারের ওপর নির্ভরশীল বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।
তবে নতুন নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে এবং কোন কোন দেশ এর আওতায় পড়বে, সে বিষয়ে বিস্তারিত জানাননি বেসেন্ট। এরই মধ্যে আমেরিকার অর্থ মন্ত্রণালয় ইরানের ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। নতুন নির্দেশনা মেনে নিতে সংশ্লিষ্ট দেশগুলোকে সময় দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পাল্টা জবাবের হুঁশিয়ারি
নতুন নিষেধাজ্ঞা ঘোষণার আগেই তেহরান সতর্ক করে দিয়েছিল, আমেরিকা নতুন অর্থনৈতিক পদক্ষেপ নিলে তার সামরিক ও অর্থনৈতিক জবাব দেওয়া হবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি আরও কমিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল ইরান।
ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। তবে তেহরানেরও পাল্টা ব্যবস্থা নেওয়ার নিজস্ব উপায় রয়েছে।
চীন ও রাশিয়া আমেরিকার নতুন পদক্ষেপ মেনে নেয়নি বলেও দাবি করেন ইরানের অর্থমন্ত্রী। একই সঙ্গে অন্যান্য দেশও এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের অবকাঠামো হুমকির মুখে পড়লে আমেরিকার গুরুত্বপূর্ণ স্বার্থ এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোতে বড় ধরনের আঘাত হানা হতে পারে।
ইরানের এমন হুঁশিয়ারিতে পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কূটনৈতিক সমাধানের পথ এখনো অনিশ্চিত
এদিকে সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জনপ্রিয়তা কমেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানির দামও বেড়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকা সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত কয়েক সপ্তাহে ইরান ও আমেরিকার মধ্যে বড় ধরনের হামলা তুলনামূলকভাবে কমলেও কূটনৈতিক সমাধানের পথে উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষণ খুব বেশি দেখা যাচ্ছে না।
এরই মধ্যে পারস্য উপসাগরে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলা বন্ধে নতুন কৌশল খুঁজছে আমেরিকা। একই সঙ্গে মিত্রদের মাধ্যমে লোহিত সাগরেও ইরানের হামলা বন্ধের চেষ্টা চালানো হচ্ছে।



