ইমরানকে নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান চান সাবেক স্ত্রী জেমাইমা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেমাইমা বলেন, ইমরানের বিষয়ে পাকিস্তান সরকারকে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে। একই সঙ্গে ইমরানের চিকিৎসার সুযোগ, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং দীর্ঘদিনের একাকী বন্দিত্বের অবসান দাবি করেন তিনি।
জেমাইমা যুক্তরাজ্য সরকারের উদ্দেশে প্রশ্ন করেন, ‘যুক্তরাজ্য আর কত দিন নীরব থাকবে?’ তিনি দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে ইমরানের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।
জেমাইমার অভিযোগ, প্রায় তিন বছর ধরে ইমরানকে একাকী রাখা হয়েছে। এমনকি প্রায় ১০ মাস ধরে তার পরিবারের সদস্যদেরও ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে তার যোগাযোগও সীমিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জাতিসংঘের নেলসন ম্যান্ডেলা বিধির উল্লেখ করে জেমাইমা বলেন, টানা ১৫ দিনের বেশি একাকী বন্দিত্ব নিষিদ্ধ। তার দাবি, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ, পরিবারের নিয়মিত সাক্ষাৎ এবং দুই ছেলে সুলায়মান ও কাসিমের সঙ্গে সপ্তাহে দুবার ফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এসব নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে না।
ইমরানের দুই ছেলে সুলায়মান ও কাসিমও বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জেমাইমা জানান, তারা দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেখা করতে পারেননি। পাকিস্তানে যাওয়ার জন্য ভিসার আবেদন করেও এখনো কোনো উত্তর পাননি বলে দাবি করেন তিনি।
তবে জেমাইমার এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, ইমরানের দুই ছেলের বিদেশি পাকিস্তানিদের জন্য জাতীয় পরিচয়পত্র রয়েছে, যার মাধ্যমে ভিসা ছাড়াই পাকিস্তানে প্রবেশ করা যায়। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ওই পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তা নবায়ন করা হয়নি।
গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। তবে তাকে সেখানে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে সুস্থ ঘোষণা করলে আবার আদিয়ালা কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে দুর্নীতির একটি মামলায় তিনি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। এ ছাড়া ২০২৩ সালের ৯ মে সংঘটিত সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
এর আগে গত ২৬ মার্চ জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে ইমরানের ছেলে কাসিম খান তার বাবার মুক্তির জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন।



