নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ১৫৭, নিখোঁজ শত শত
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে নেপালের উত্তরাঞ্চলের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। সীমান্তের কাছের রসুয়া জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে বন্যার পানি নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, ৩৮৪ জন পর্যটকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক।
নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১০৫ জনের বেশি নাগরিক রয়েছেন। এ ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, লন্ডনসহ বিভিন্ন দেশের নাগরিকও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে নিখোঁজের সংখ্যা ও পরিচয় যাচাইয়ের কাজ এখনো চলছে।
নেপাল-চীন সীমান্তের রসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ঘরবাড়ি, বাজার, সড়ক, সেতু, বিদ্যুৎ অবকাঠামো, জলবিদ্যুৎ প্রকল্প এবং সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চীনের তিব্বত অংশে একটি তুষারধসের কারণে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে হঠাৎ বিপুল পরিমাণ পানি নেমে আসে। এর ফলে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই ভয়াবহ ঢল সৃষ্টি হয়।
নেপাল সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করেছে। যোগাযোগ ব্যবস্থা ও সড়ক-সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
নেপালের পাশাপাশি সীমান্তের ওপারে চীনের তিব্বত অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বন্যা ও ভূমিধসে সেখানেও প্রাণহানি এবং বহু মানুষের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নেপালের ভোতে কোশি নদীর তীরবর্তী রসুয়া ও নুয়াকোট জেলার বিভিন্ন জনবসতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ধসে পড়ায় নেপাল-চীন সীমান্ত বাণিজ্য এবং উদ্ধার কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।



