বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

নিরাপদ অভিবাসন নিশ্চিত ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকানোর পাশাপাশি বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মীকে সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের দক্ষ করে তোলাও জরুরি।

এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নিতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।