ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস।

আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে চালু হবে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত আবেদনগুলো শুধুমাত্র এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালনা করা হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। এসব ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ ও ভিসা ইস্যুর কাজ সরাসরি দূতাবাস পরিচালনা করবে।

নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা—২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

এ ছাড়া ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। তবে কীভাবে এবং কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, সে বিষয়ে আগামী ২৭ আগস্ট বিস্তারিত তথ্য প্রকাশ করবে দক্ষিণ কোরিয়ার দূতাবাস।

তবে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের মতোই দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা সেন্টারের কার্যক্রমের সময়, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

দূতাবাসের আশা, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর ফলে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং দক্ষিণ কোরিয়ার ভিসাসেবা আরও সহজ ও সুশৃঙ্খল হবে।