৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় ৬৪ জেলায় ৬৪ জন আইন-শৃঙ্খলা বিষয়ক ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলেও মন্দ হতো না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে মুশকিল হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন—তিনি হয় ব্যঙ্গ করেন, না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টি ঢেকে দিতে চান।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ জন আইন-শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না। বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এত ভালো অবস্থা।’

কর্মসংস্থান নিয়ে প্রশ্ন

দেশের জ্বালানি সংকট ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুতের জন্য হাহাকার, যখন গ্যাস পাওয়া যায় না, তখন ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি যে সরকার দিয়েছিল নির্বাচনে, সে সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার লোক চাকরি হারিয়েছে।’

তিনি আরও বলেন, ‘৯০০-এর ওপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। নতুন কর্মসংস্থান তৈরি হবে? যারা চাকরি করছেন, তাদের চাকরি কত দিন থাকবে আল্লাহ মাবুদ জানে!’

দ্রব্যমূল্য নিয়েও সমালোচনা

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের বিষয় উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আইন-শৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা ছিল সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে মুশকিল হয়।’

বাজার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বাজারে মানুষ গেলে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। ডিমের দাম কয়েক দফা বেড়েছে। চালের দাম, বিশেষ করে মিনিকেট চাল! বলা হয় এটা কেউ খায় না, কেউ কেউ তো খায়! দাম যখন দ্বিগুণ হয়ে যায়, যখন আমরা টিসিবির লাইন দেখি…।’

এ সময় তিনি আইন-শৃঙ্খলা, কর্মসংস্থান, জ্বালানি ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে সরকারের কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।