নেপাল বিপর্যয়ে দায় অস্বীকার চীনের, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটলের শঙ্কা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে দুর্যোগের কারণ নিয়ে নেপাল ও চীনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। নেপালের পক্ষ থেকে চীনের একটি বাঁধ ভেঙে আকস্মিক বন্যার অভিযোগ তোলা হলেও তা সরাসরি নাকচ করেছে বেইজিং।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার ভয়াবহ বন্যার পর নেপালের পক্ষ থেকে দাবি করা হয়, চীনের একটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও চীন নেপালকে যথাযথভাবে সতর্ক করেনি বলেও অভিযোগ করা হয়।
তবে নেপালের এসব দাবি প্রত্যাখ্যান করেছে বেইজিং। একই সঙ্গে এ ধরনের অভিযোগকে ‘ভুয়া’ বলেও উল্লেখ করেছে চীন।
নেপালে নিযুক্ত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বিপর্যয়ের সূত্রপাত নেপালের সীমান্তবর্তী এলাকায়। গত ২৬ আগস্ট সকালে নেপালে ভূমিকম্প অথবা হিমবাহ ধসের ঘটনা ঘটে। এর ফলে কাদাধসের সৃষ্টি হয়। এতে গিরং-রাসুয়াগাধি সীমান্ত এলাকায় নেপাল ও চীনে প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটে।
বেইজিং আরও বলেছে, এ ঘটনায় একে অপরকে দোষারোপ করে কোনো লাভ নেই; বরং সহযোগিতার মাধ্যমে মানুষের জীবন রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
হিমবাহ ধসের কথা জানাল ইউএসজিএস
দুর্যোগের কারণ নিয়ে প্রাথমিকভাবে ভূমিকম্পের কথা বলা হলেও পরে নিজেদের মূল্যায়ন সংশোধন করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থাটি প্রথমে জানিয়েছিল, বুধবার ভোরে কাঠমাণ্ডু থেকে প্রায় ৬৬ কিলোমিটার উত্তরে নেপাল-চীন সীমান্তের কাছে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরে ভূকম্পন পরিমাপক কেন্দ্রের তথ্য, ভূকম্পন তরঙ্গ ও উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ইউএসজিএস জানায়, ওই কম্পন ভূমিকম্পের কারণে হয়নি। এটি হিমবাহ ধসের সঙ্গে সম্পর্কিত এবং এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
ইউএসজিএসের মতে, হিমবাহ ধসের ফলে বিপুল পরিমাণ বরফ ও পাথর নিচের দিকে নেমে এসে আকস্মিক পানির প্রবাহ তৈরি করে। এর ফলে উপত্যকার নিচের জনবসতিগুলো ক্ষতিগ্রস্ত হয়।
জলবায়ু বিশেষজ্ঞদেরও ধারণা, নেপালের সাম্প্রতিক এই ভয়াবহ বন্যার অন্যতম প্রধান কারণ হিমবাহ ধস।
দুর্যোগের কারণ নিয়ে নেপাল ও চীনের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আশঙ্কা তৈরি হয়েছে। তবে চীনের পক্ষ থেকে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়ায় পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।



