সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। বৃহস্পতিবার জারি করা সতর্কবার্তায় বজ্রপাত, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের দৈনিক পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলা-বালু উড়িয়ে নেওয়ার মতো শক্তিশালী বাতাসও বয়ে যেতে পারে।
মক্কায় রেড অ্যালার্ট
মক্কা অঞ্চলের তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
অন্যদিকে মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে।
এ ছাড়া মক্কার রাবিঘ, জেদ্দা, আল খুরমাহসহ আশপাশের এলাকায় হালকা বৃষ্টি ও ধুলিঝড়ের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
আরও যেসব এলাকায় বৃষ্টির আশঙ্কা
আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু এলাকায় এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও বজ্রসহ বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। সক্রিয় বাতাসের কারণে এসব এলাকায় আবহাওয়া আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
পূর্ব সৌদি আরবের উপকূলীয় এলাকাগুলোতে রাত ও ভোরের দিকে কুয়াশা সৃষ্টি হতে পারে। এতে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
৪৭ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা
বৃষ্টির সম্ভাবনা থাকলেও সৌদির বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা বেশি থাকবে। পূর্বাভাস অনুযায়ী, মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দাম্মামে ৪৬ এবং রিয়াদ ও বুরাইদাহে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ এলাকা ও জলধারার কাছাকাছি অবস্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।
সূত্র: গালফ নিউজ



