লন্ডনে যৌন অভিমুখিতার কারণে আশ্রয় আবেদনে পাকিস্তানিদের সংখ্যা বেশি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

লন্ডনে যৌন অভিমুখিতা বা এলজিবি (লেসবিয়ান, গে ও বাইসেক্সুয়াল) পরিচয়ের কারণে নিপীড়নের আশঙ্কা দেখিয়ে আশ্রয় চাওয়া আবেদনকারীদের মধ্যে পাকিস্তানি নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে যৌন অভিমুখিতার বিষয়টি উল্লেখ থাকা আশ্রয় আবেদনের প্রায় ৪২ শতাংশই করেছিলেন পাকিস্তানি নাগরিকরা। গত পাঁচ বছর ধরে এ ধরনের আশ্রয় আবেদনে পাকিস্তানিরাই সর্বোচ্চ সংখ্যায় রয়েছেন।

তবে সামগ্রিক আশ্রয় আবেদনের হিসাবে পাকিস্তান ছিল চতুর্থ সর্বোচ্চ আবেদনকারী দেশ। ২০২৩ সালে লন্ডনে সব ধরনের আশ্রয় আবেদনের মাত্র ৬ শতাংশ এসেছিল পাকিস্তানি নাগরিকদের কাছ থেকে। অর্থাৎ, যৌন অভিমুখিতাকে ভিত্তি করে করা আশ্রয় আবেদনে পাকিস্তানি নাগরিকদের অংশ সামগ্রিক আবেদনের তুলনায় অনেক বেশি।

তবে এসব আবেদনের কতগুলো সত্যিকার অর্থে ভিত্তিহীন বা সাজানো, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন বলে উল্লেখ করা হয়েছে।

হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যৌন অভিমুখিতার কারণে নিপীড়নের আশঙ্কা দেখিয়ে আশ্রয় চাওয়া আবেদনকারীদের প্রায় দুই-তৃতীয়াংশ প্রাথমিক পর্যায়েই আবেদন মঞ্জুর পেয়েছেন।

আশ্রয় আবেদনে যৌন অভিমুখিতার বিষয়টি সাধারণত তখনই বিবেচনায় নেওয়া হয়, যখন কোনো ব্যক্তি নিজ দেশে নিজের যৌন পরিচয়ের কারণে নিপীড়ন, নির্যাতন বা গুরুতর ক্ষতির আশঙ্কার কথা জানান।