বাংলাদেশি শ্রমিকদের প্রশংসায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও দক্ষতা সৌদি অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ কাউন্সিল বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে লেখা একটি চিঠি হস্তান্তর করেন হুমায়ুন কবির।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সৌদি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে ক্রমবর্ধমান আগ্রহ দেখাচ্ছে বলেও জানান প্রিন্স ফয়সাল।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি নতুন সহযোগিতার সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।
এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সৌদি আরবের আগ্রহকে স্বাগত জানানো হয়। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকের শেষ পর্যায়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুলকরিম আল-খেরিজি, বাংলাদেশের ওআইসি স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



