আমেরিকার কাছ থেকে জ্যাভেলিন মিসাইল কিনতে চায় ভারত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

ভারত আমেরিকার কাছ থেকে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ‘জ্যাভেলিন’ ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশ যৌথভাবে এই অস্ত্র উৎপাদনের সুযোগও তৈরি হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

তিনি বলেন, জ্যাভেলিন কেনার উদ্যোগ ভারত ও আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে এবং উভয় দেশের প্রতিরক্ষা খাত আরও শক্তিশালী হবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতোমধ্যে আমেরিকার সেনাবাহিনী ও মেরিন কোরসহ কয়েকটি দেশের সামরিক বাহিনী ব্যবহার করছে। গত বছরের নভেম্বরে ভারতকে এফজিএম-১৪৮ জ্যাভেলিন অস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদনও দিয়েছিল আমেরিকার পররাষ্ট্র দপ্তর।

তবে ভারত ঠিক কতটি জ্যাভেলিন ব্যবস্থা কিনছে এবং এর মোট মূল্য কত হবে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে নয়াদিল্লিও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

জ্যাভেলিন একটি কাঁধে বহনযোগ্য ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি আমেরিকার প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও রেথিয়ন যৌথভাবে তৈরি করেছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য অনুসরণ করতে পারে।

সাধারণত ট্যাংকের ওপরের তুলনামূলক দুর্বল অংশে আঘাত হানতে জ্যাভেলিন ব্যবহার করা হয়। এর হালকা ওজন এবং ‘সফট-লঞ্চ’ প্রযুক্তির কারণে ভবন, বাংকারসহ বিভিন্ন অবস্থান থেকেও এটি ব্যবহার করা সম্ভব।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে আমেরিকা ভারতকে সম্ভাব্য ৯ কোটি ৩০ লাখ ডলারের একটি চুক্তির অনুমোদন দেয়। ওই প্রস্তাবে সর্বোচ্চ ১০০টি জ্যাভেলিন ব্যবস্থা ও ২১৬টি এক্সক্যালিবার গোলা অন্তর্ভুক্ত ছিল।

ভারত-আমেরিকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবেই জ্যাভেলিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত এরই মধ্যে আমেরিকার তৈরি অ্যাপাচি, চিনুক, সি-১৭, সি-১৩০জে, পি-৮আই ও এম৭৭৭সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করছে।

এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে স্থল, সমুদ্র, আকাশ, মহাকাশ ও সাইবার—এই পাঁচ ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে দুই দেশ একটি কাঠামোগত চুক্তিও সই করেছে। নতুন করে জ্যাভেলিন কেনার উদ্যোগ ভারত ও আমেরিকার প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে।