ট্রাম্পের কারণে কানাডায় বাড়ছে জাতীয়তাবাদী চেতনা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর কানাডার সঙ্গে দেশটির সম্পর্কের টানাপোড়েন ক্রমেই বেড়েছে। এর প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্য, কূটনীতি ও সাধারণ মানুষের মনোভাবেও। বিশেষ করে ট্রাম্পের শুল্কনীতি ও কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাবের পর দেশটিতে আমেরিকাবিরোধী মনোভাব আরও জোরালো হয়েছে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর আগে আমেরিকা-কানাডা সম্পর্ক ছিল পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে প্রায় ৮ হাজার ৮৯১ কিলোমিটার দীর্ঘ বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তটি সামরিকায়নমুক্ত ছিল এবং দুই দেশের নাগরিকদের মধ্যে অবাধ যাতায়াতও ছিল।
কানাডার প্রতি আমেরিকানদের ইতিবাচক মনোভাব এখনো অনেকাংশে রয়েছে। তবে কানাডায় সাম্প্রতিক সময়ে আমেরিকাবিরোধী মনোভাব বেশ জোরালো হয়েছে। এর পেছনে ট্রাম্পের বিভিন্ন বক্তব্য, নীতি ও পদক্ষেপকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।
ক্ষমতায় ফিরে ট্রাম্প কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। কানাডার সরকার, বিরোধী দল ও সাধারণ মানুষের মধ্যে এ প্রস্তাবের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরপর কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপসহ নানা পদক্ষেপ নেন ট্রাম্প।
এর প্রতিবাদে গত বছরের মার্চে কানাডাও আমেরিকান পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। একই সময়ে দেশটির বিভিন্ন প্রাদেশিক সরকার আমেরিকান অ্যালকোহল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়। পরবর্তীতে কানাডা কিছু ক্ষেত্রে পাল্টা শুল্ক প্রত্যাহার করলেও বেশিরভাগ প্রদেশে আমেরিকান মদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে।
কানাডার ১৩টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে ১১টিতেই দীর্ঘ সময় ধরে এ বয়কট ও নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। ফলে দেশটির অনেক দোকানের তাক থেকে আমেরিকান মদ ও ক্যালিফোর্নিয়ার ওয়াইন কার্যত উধাও হয়ে যায়। সরকারি তথ্য অনুযায়ী, কানাডায় আমেরিকান অ্যালকোহল আমদানি প্রায় ৮১ শতাংশ কমেছে।
এ পরিস্থিতি দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের অন্যতম প্রতীকে পরিণত হয়েছে। শুধু সরকারি নিষেধাজ্ঞাই নয়, কানাডার সাধারণ ভোক্তারাও স্বতঃস্ফূর্তভাবে আমেরিকান পণ্য বর্জন করতে শুরু করেছেন।
সম্প্রতি আমেরিকা ও কানাডার মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল। তবে কানাডার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে পারে—এমন কিছু শর্ত এবং শেষ মুহূর্তের পরিবর্তনের কারণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আলোচনা বাতিল করেন। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। জবাবে কানাডাও আমেরিকান পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করে।
ট্রাম্পের বিভিন্ন বক্তব্য ও নীতিতে আগে থেকেই বিরক্ত ছিল কানাডার একটি বড় অংশের মানুষ। বাণিজ্য নিয়ে সাম্প্রতিক বিরোধ সেই অসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে। এর ফলে দেশটিতে অর্থনৈতিক জাতীয়তাবাদী চেতনা জোরালো হয়েছে।
সাধারণ ভোক্তারা এখন আমেরিকান মদ, কফি ও অন্যান্য পণ্যের পরিবর্তে কানাডায় তৈরি পণ্য বেছে নিচ্ছেন। দেশটির সরকারও নাগরিকদের স্থানীয় পণ্য কেনার জন্য উৎসাহিত করছে।
নতুন শুল্কের জবাবে কানাডার পদক্ষেপ ঘোষণা করার সময় দেশটির অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেন, ‘আমাদের সবার সবচেয়ে বড় ক্ষমতা হলো আমাদের নিজেদের ক্রয়ক্ষমতা। আমরা কানাডিয়ান পণ্য কেনার সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের অবশ্যই কানাডিয়ান পণ্য বেছে নিতে হবে।’
শিল্পমন্ত্রী মেলানি জোলিও বলেন, কানাডিয়ান পণ্য বেছে নেওয়ার মাধ্যমে শুধু আমেরিকার ওপর চাপ সৃষ্টি হবে না, বরং কানাডায় কর্মসংস্থানও রক্ষা হবে।
মন্ট্রিলের একটি সুপারমার্কেটের ব্যবস্থাপক পিটার জিয়ানোপোলিস জানান, আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করার পর ভোক্তাদের আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। পণ্য বেশি ব্যয়বহুল হলেও অনেক ক্রেতা এখন পণ্যটি কোথায় তৈরি হয়েছে, তা জানতে চাইছেন এবং কুইবেকের পণ্যকে অগ্রাধিকার দিচ্ছেন।
গত বছর থেকে কানাডার দোকানগুলোতে পণ্যের উৎস স্পষ্টভাবে চিহ্নিত করার জন্য বিশেষ লেবেল ও কানাডার পতাকার ম্যাপেল পাতার ব্যবহারও বেড়েছে। অনেক খুচরা বিক্রেতা অর্থনৈতিক দেশপ্রেমের আহ্বান জানাচ্ছেন।
এই বয়কটের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। আমেরিকায় ছুটি কাটাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কানাডার অনেক নাগরিক। গত বছর আমেরিকায় কানাডিয়ানদের ভ্রমণ প্রায় ২৫ শতাংশ কমে গিয়েছিল।
অন্যদিকে আমেরিকার সীমান্তবর্তী কিছু রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা কানাডিয়ান পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন ছাড় ও বিশেষ প্রচারণা চালাচ্ছেন। নিউইয়র্ক রাজ্য ‘নিউইয়র্ক লাভস কানাডা’ নামে একটি উদ্যোগও চালু করেছে। এর মাধ্যমে বছরের শেষ নাগাদ কানাডিয়ানদের জন্য বিভিন্ন প্রচারণামূলক ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে বিচ্ছিন্ন এসব উদ্যোগে দুই দেশের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্লেষকদের মতে, আমেরিকা-কানাডা সম্পর্কের বর্তমান টানাপোড়েন কাটাতে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকেই কার্যকর উদ্যোগ প্রয়োজন।



