নিজস্ব পররাষ্ট্রনীতিতেই মক্কা চুক্তির সিদ্ধান্ত নেবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, বাংলাদেশও নিজেদের নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
শনিবার সকালে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।’ মক্কা চুক্তির বিষয়ে সরকার সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটি মুখ্য বিষয় নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের জন্য ই-জুডিশিয়ারি চালুর বিষয়েও সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



