নেপালে ধ্বংসস্তূপের নিচে ৪ ঘণ্টা, ৯৭ বছর বয়সে জীবনযুদ্ধে জয়

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। প্রায় চার ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর উদ্ধার করা হয় গুনা মায়া বোহারা নামের ওই নারীকে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বন্যার সময় গুনা মায়া একটি বৃদ্ধাশ্রমে ছিলেন। আকস্মিক বন্যায় বৃদ্ধাশ্রমটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হলে তিনি সেখানে আটকা পড়েন।

দীর্ঘ চার ঘণ্টার চেষ্টার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে জীবিত অবস্থায় বের করে আনেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।

গুনা মায়ার স্বজন দীপক বোহারা তাঁকে দেখতে কাঠমান্ডু থেকে হাসপাতালে ছুটে যান। বিবিসি নেপালিকে তিনি বলেন, বড় খালাকে দেখে তাঁর মনে হয়েছে, তিনি যেন যুদ্ধ করে বিজয়ী হয়ে ফেরা একজন যোদ্ধা।

দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও গুনা মায়া বেঁচে যাওয়াকে পরিবারের সদস্যরা বড় সৌভাগ্য হিসেবে দেখছেন।

বুধবার নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি শত শত মানুষের মৃত্যু হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞানীদের ধারণা, তিব্বত সীমান্তের কাছে হিমালয় অঞ্চলে একটি হিমবাহ ধসে যাওয়ার পর এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতে বিভিন্ন স্থাপনা ও বসতি ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ৯৭ বছর বয়সী গুনা মায়াকে জীবিত উদ্ধারের ঘটনা স্বজন ও স্থানীয়দের মধ্যে স্বস্তি তৈরি করেছে। চার ঘণ্টার জীবনসংগ্রাম শেষে তাঁর বেঁচে ফেরার ঘটনা এখন নেপালের বন্যায় আশার এক বিরল উদাহরণ হয়ে উঠেছে।