প্রধানমন্ত্রী হবেন বিজয়, টিভিকের প্রচারে ক্ষুব্ধ কংগ্রেস-ডিএমকে

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

২০২৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী নন, বরং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দলটির নেতাদের একটি অংশ। এ নিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। টিভিকের এমন প্রচারে ক্ষুব্ধ হয়েছে দলটির জোটসঙ্গী কংগ্রেস এবং বিরোধী দল ডিএমকে।

সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমের ‘মুড অব দ্য নেশন’ জরিপে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর পর বিজয়ের নাম উঠে আসে। যদিও প্রথম দুজনের তুলনায় বিজয়ের পক্ষে সমর্থন ছিল অনেক কম। এরপর টিভিকে নেতাদের একটি অংশ বিজয়কে ২০২৯ সালের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরতে শুরু করেন।

টিভিকে নেতা আধভ অর্জুন ও শরৎকুমার প্রকাশ্যে বিজয়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিবেচনার পক্ষে মত দিয়েছেন। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ‘বিজয় ফর পিএম’ প্রচারণার পোস্টারও দেখা গেছে।

এতে ক্ষুব্ধ হয়েছে কংগ্রেস। তামিলনাড়ুর পর্যটনমন্ত্রী ও কংগ্রেস নেতা এস রাজেশ কুমার বলেছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন না করলে টিভিকে নেতৃত্বাধীন মন্ত্রিসভা থেকে কংগ্রেসের দুই মন্ত্রী পদত্যাগ করবেন।

রাজেশ কুমার বলেন, ২০২৯ সালে রাহুল গান্ধীই তাদের নেতা ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন। টিভিকে এ অবস্থান মেনে না নিলে কংগ্রেসের দুই মন্ত্রী মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন।

অন্যদিকে, টিভিকের ‘বিজয় ফর পিএম’ প্রচারণাকে কটাক্ষ করেছে ডিএমকে। দলটির নেতা টি কে এস এলাঙ্গোভান কংগ্রেসের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে প্রশ্ন তুলেছেন, কংগ্রেস ও রাহুল গান্ধী থাকা অবস্থায় টিভিকে কীভাবে বিজয়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরছে।

ডিএমকে নেত্রী আরএস ভারতীও টিভিকের প্রচারণাকে উপহাস করেছেন। তিনি বলেন, তাদের কল্পনার কোনো সীমা নেই। এরপর হয়তো তারা বলবে, বিজয় জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছেন।

সব মিলিয়ে বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরার প্রচারণা তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটে নতুন করে টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। যদিও বিজয় নিজে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো স্পষ্ট অবস্থান জানাননি। এ প্রচারণা ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে টিভিকের জাতীয় রাজনীতিতে প্রবেশের কৌশল কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।