চীনের তথ্য নিয়ন্ত্রণে আড়ালেই তিব্বতের বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতি

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

হিমালয়ের একটি বিশাল হিমবাহ পাহাড়ের চূড়া থেকে বিচ্ছিন্ন হয়ে উপত্যকায় ধসে পড়ার পর নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুর্গত দুই দেশের মধ্যে নেপালের পরিস্থিতির ভয়াবহ চিত্র দ্রুত সামনে এলেও চীনের তিব্বত অঞ্চলের প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না।

এর অন্যতম কারণ হিসেবে তিব্বত থেকে তথ্যপ্রবাহের ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

হিমালয়ের সীমান্তবর্তী নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার নেপালে সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়ায়। অন্যদিকে চীনে মৃতের সংখ্যা মাত্র পাঁচজন বলে জানানো হয়েছে।

তবে তিব্বতের গিরং সীমান্ত পারাপারকেন্দ্রের আশপাশের গ্রামগুলোতেই কয়েক হাজার মানুষের বসবাস। ফলে সেখানে প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে।

নেপালে সাংবাদিকরা দুর্গত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা, উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছ থেকে বন্যার সময়কার ভয়াবহতার বিস্তারিত তথ্যও পাওয়া যাচ্ছে। তবে আকস্মিক এই বন্যার সুনির্দিষ্ট কারণ কী, তা এখনো বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও বন্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং তাদের সাংবাদিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এসব প্রতিবেদনে মূলত উদ্ধার তৎপরতার বিষয়টিই গুরুত্ব পেয়েছে। বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য খুব কমই প্রকাশ করা হয়েছে।

তিব্বতের একটি ত্রাণকেন্দ্র থেকে প্রচারিত একটি প্রতিবেদনে সাংবাদিকের পেছনে বসে থাকা দুর্গত ব্যক্তিদের কারও সঙ্গে কথা বলতেও দেখা যায়নি।

১৯৫০-এর দশকে চীনের নিয়ন্ত্রণে আসার পর থেকে তিব্বত দেশটির সবচেয়ে সংবেদনশীল ও কঠোরভাবে নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর একটি। অধিক স্বায়ত্তশাসন ও ধর্মীয় স্বাধীনতার দাবিতে তিব্বতিদের বিভিন্ন সময়ের আন্দোলন চীনা কর্তৃপক্ষ কঠোরভাবে দমন করেছে।

আন্তর্জাতিক সাংবাদিকদের তিব্বতে যাওয়ার সুযোগও সীমিত। সাধারণত সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সফরের মাধ্যমেই সেখানে যাওয়ার সুযোগ পান তারা। অনেক তিব্বতি পাসপোর্ট পান না এবং বাইরের বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগও সীমিত। সাংবাদিকদের সঙ্গে কথা বলার কারণেও স্থানীয় বাসিন্দাদের শাস্তির মুখে পড়ার আশঙ্কা থাকে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

তিব্বতি ভাষা ও সংস্কৃতি নিয়ে চীনের নীতির সমালোচনা করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এ কারণে বন্যার পর তিব্বতের অংশে প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ স্যাং বলেন, তিব্বতের সবকিছুকেই জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখা হয়। ফলে ওপরের পর্যায় থেকে অনুমোদন না পাওয়া কোনো তথ্য প্রকাশ বা প্রতিবেদন করা কঠিন।

তার মতে, ঘটনাস্থলে কেউ নিজের চোখে আরও বেশি মরদেহ দেখলেও সরকারি হিসাবে মৃতের সংখ্যা বাড়ানোর ঘোষণা না আসা পর্যন্ত সেই সংখ্যা প্রকাশ করতে পারবে না।

চীনের তথ্য নিয়ন্ত্রণের কারণে দেশটির উদ্ধার তৎপরতা সম্পর্কেও আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। অথচ চীনের জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর—যার মধ্যে পিপলস লিবারেশন আর্মিও রয়েছে—নেপালের তুলনায় অনেক বেশি সম্পদ ও সক্ষমতা রয়েছে।

দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজ চালাতে বিশেষ দক্ষতার প্রয়োজন। চীন শত শত জরুরি সেবাকর্মী দুর্গত এলাকায় পাঠিয়েছে। তবে তারা সেখানে ঠিক কী ধরনের কাজ করছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্টিভ স্যাং বলেন, চীন তাদের উদ্ধার তৎপরতার সাফল্য তুলে ধরার একটি সুযোগ হারিয়েছে। তার মতে, এর পেছনে চীনের তথ্য নিয়ন্ত্রণের প্রবণতা কাজ করছে।

তবে বন্যাকে যে চীন সরকার জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখছে, তা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি চিনপিং একটি বৈঠকে সভাপতিত্ব করে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে প্রধানমন্ত্রী লি ছিয়াং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন বলেও জানানো হয়েছে।

চীন সরকার এই দুর্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি করলেও তিব্বতে বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণ চিত্র এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।