৪৮ বছরে বিএনপি: রাষ্ট্র পরিচালনাই এখন সবচেয়ে বড় পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই, আন্দোলন-সংগ্রাম ও ক্ষমতার বাইরে থাকার পর দলটি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। ফলে প্রতিষ্ঠার ৪৮ বছরে এসে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র পরিচালনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দেওয়া।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এটিই দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

দলীয় নেতাদের মতে, বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি। প্রতিষ্ঠার সময় দলটি ১৯ দফা কর্মসূচিও গ্রহণ করে। জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশের চিন্তা ও জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার নীতিও দলটির রাজনৈতিক দর্শনে গুরুত্বপূর্ণ স্থান করে নেয়।

রাষ্ট্র পরিচালনায় বড় চ্যালেঞ্জ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার সময় বিএনপি যেসব প্রতিশ্রুতি ও প্রত্যাশার কথা বলেছে, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব এখন দলটির ওপর। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিকে গতিশীল করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

এর পাশাপাশি প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা এবং গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করাও সরকারের সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

বিএনপির নেতারা বলছেন, দীর্ঘ সময়ে দেশের অর্থনীতি, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব খাত পুনর্গঠন করে কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলাই এখন অন্যতম অগ্রাধিকার।

নতুন নেতৃত্বে নতুন অধ্যায়

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। দলীয় নেতাদের মতে, খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার পাশাপাশি বর্তমান প্রজন্মের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে দলকে এগিয়ে নেওয়া তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ।

বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

পাঁচ দিনের কর্মসূচি

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত কর্মসূচি পালন করা হবে।

আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেওয়ার কথা রয়েছে।

৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি একাধিকবার ক্ষমতায় এসেছে, আবার দীর্ঘ সময় ক্ষমতার বাইরেও থেকেছে। এবার ক্ষমতায় থেকে জনগণের প্রত্যাশা পূরণ এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নই দলটির সামনে সবচেয়ে বড় পরীক্ষা।