মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি, যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মক্কা প্যাক্টের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার। বিষয়টি সময় নিয়ে যাচাই-বাছাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের জন্য অমঙ্গল হয়—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। মক্কা প্যাক্টের বিষয়ে সব দিক বিবেচনা করে বাংলাদেশের স্বার্থের অনুকূলে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন শামা ওবায়েদ। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ।

বৈঠকে সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, তরুণ সংসদের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছে আইপিইউ। পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের কল্যাণ এবং দেশের ভবিষ্যৎ বিবেচনায় নিয়েই আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগে সরকারের অবস্থান নির্ধারণ করা হবে।