খুব শিগগিরই কমবে লোডশেডিং: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যেই বেশ খানিকটা কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বিদ্যুৎ সংকটের চাপ এখন শহর ও গ্রামের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। ফলে ঢাকাসহ বড় শহরেও সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, অতীতে রাজধানীসহ বড় শহরে বিদ্যুৎ সরবরাহ অনেকাংশে স্বাভাবিক রেখে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে তুলনামূলক বেশি লোডশেডিং দেওয়া হতো। বর্তমান সরকার সেই নীতিতে পরিবর্তন এনে বিদ্যুৎ সংকটের চাপ সবার মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, বড় শহরে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার অর্থনৈতিক যুক্তি রয়েছে। কারণ, এসব এলাকায় শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি পরিচালিত হয়। তবে শহরের মানুষের প্রভাব বা ক্ষমতার কারণে তাদের বেশি বিদ্যুৎ দেওয়ার কোনো নীতি সরকারের নেই।
অতীতে আওয়ামী লীগ সরকার ও পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে দাবি করা হয়েছিল, বাস্তবে তখন কতটা লোডশেডিং হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, এ বিষয়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। কত মেগাওয়াট লোডশেডিং হয়েছে এবং কোন কোন এলাকায় এর প্রভাব পড়েছে, তা জনগণের সামনে তুলে ধরা হবে। বিশেষ করে অতীতে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের ওপর বেশি লোডশেডিংয়ের চাপ দেওয়া হয়েছিল কি না, সেটিও তথ্যের মাধ্যমে তুলে ধরা হবে।
আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কেন বাড়ছে লোডশেডিং
বর্তমান বিদ্যুৎ সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে বলে জানান জাহেদ উর রহমান। এর মধ্যে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের আকস্মিক যান্ত্রিক ত্রুটি, বিভিন্ন কেন্দ্রের রক্ষণাবেক্ষণ, সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা এবং বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ার বিষয়গুলো রয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর সাধারণত মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পায়। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি তুলনামূলক কম থাকায় বিদ্যুতের চাহিদাও কিছুটা কম ছিল। বর্তমানে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে কমবেশি সবাইকে কিছুটা কষ্ট স্বীকার করতে হবে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।
লালদিয়া টার্মিনাল প্রকল্পের অগ্রগতি
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে নেওয়া লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন জাহেদ উর রহমান।
তিনি জানান, দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ডেনমার্কের সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৩০ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে প্রকল্পটির গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠিত হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা ও কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে। একই সাথে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশে সারের সংকট নেই
সংবাদ সম্মেলনে দেশের সার পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি দাবি করেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই।
তবে সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় দু-একটি এলাকায় সাময়িক সমস্যা দেখা দিয়েছিল বলে জানান তিনি। এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান।



