সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সরকারি ফ্যাক্টচেকিং কাঠামো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তে সরকারি তথ্য ব্যবস্থায় সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের অনুপস্থিতিতে তাঁর পক্ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তর (পিআইডি) সমন্বিত ফ্যাক্টচেকিং ও তথ্য যাচাই কাঠামো গড়ে তুলেছে। পিআইডির প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ‘ফ্যাক্টচেকিং ও গুজব প্রতিরোধ কমিটি’ সার্বক্ষণিকভাবে কাজ করছে।
কমিটির নির্দেশনায় পিআইডির প্রধান কার্যালয়সহ বিভাগীয় শহরগুলোর আঞ্চলিক তথ্য অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম মনিটর করছে। অপতথ্য ও গুজব শনাক্ত হওয়ার পর বস্তুনিষ্ঠ তথ্যসংবলিত সরকারি ফ্যাক্টচেক বার্তা ও স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি পিআইডি ও আঞ্চলিক তথ্য অফিসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
জবাবে আরও জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে ফ্যাক্টচেক ও মিডিয়া অ্যানালাইসিস কার্যক্রম পরিচালনা করছে।
পিআইবির ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৩০৬টি।
এ ছাড়া ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পিআইবির প্রশিক্ষণ বিভাগ ৬৪ জেলায় ১৪১টি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ৬ হাজার ৭৭৪ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০টি প্রশিক্ষণে ৭৩৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ডিজিটাল সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকিং বিষয়ে ১৪টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও জানানো হয়। গত দুই বছরে পিআইবির আয়োজিত প্রতিটি প্রশিক্ষণে অন্তত একদিন গুজব মোকাবিলায় করণীয়, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
লিখিত জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে প্রচারণা এবং অপতথ্য প্রচার করে এমন ১৬টি ওয়েবসাইটও শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ায়—এমন ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে।
বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।



