দক্ষিণ কোরিয়ায় টাগবোট উল্টে নিহত ১, নিখোঁজ ৬

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে একটি টাগবোট উল্টে একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।

বুধবার ২৮৬ টন ওজনের টাগবোট ‘টিএনএস ক্যাচার’ ওরিউকদো দ্বীপ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে উল্টে যায়। দুর্ঘটনার সময় নৌযানটিতে আটজন নাবিক ছিলেন।

নাবিকদের মধ্যে ছয়জন দক্ষিণ কোরিয়ার এবং দুজন ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। দুর্ঘটনার প্রায় ২০ মিনিট পর কাছাকাছি থাকা একটি বাণিজ্যিক জাহাজ একজন ইন্দোনেশীয় নাবিককে উদ্ধার করে। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

পরে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল উল্টে যাওয়া টাগবোটের ভেতর থেকে একজন দক্ষিণ কোরীয় নাবিককে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিখোঁজ ছয় নাবিকের সন্ধানে কোস্ট গার্ড ১৩টি টহল ও উদ্ধারকারী জাহাজ, বিমান এবং বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করেছে।

এ ছাড়া নৌবাহিনী, সরকারি বিভিন্ন জাহাজ ও বেসরকারি নৌযানগুলোকেও উদ্ধার অভিযানে সহায়তার জন্য বলা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ১ থেকে ১ দশমিক ৫ মিটার উঁচু ঢেউ এবং তীব্র স্রোত রয়েছে। এ কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। ওই এলাকায় উত্তর-পশ্চিম দিক থেকে প্রতি সেকেন্ডে ৪ থেকে ৬ মিটার বেগে বাতাসও বইছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং কর্তৃপক্ষকে নিখোঁজ নাবিকদের উদ্ধারে ‘সব ধরনের প্রস্তুতি নেওয়ার’ নির্দেশ দিয়েছেন।

কর্তৃপক্ষের ধারণা, টাগবোটটি উল্টে যাওয়ার সময় এতে মোট আটজন নাবিক ছিলেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। বাকি ছয়জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।