মির্জা ফখরুলকে ইতালির রাষ্ট্রপতির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইতালির রাষ্ট্রপতি সেরজিও মাত্তারেলা।
গত ২৮ আগস্ট ইতালির রাজধানী রোম থেকে পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন।
অভিনন্দনবার্তায় ইতালির রাষ্ট্রপতি বলেন, ইতালি ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। ইতালি সরকার এই ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বার্তায় ইতালিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের প্রশংসা করা হয়। এতে বলা হয়, দেশটিতে বসবাসরত সুসংগঠিত ও পরিশ্রমী বাংলাদেশিরা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখছেন।
এ ছাড়া ইতালি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব আরও জোরদার এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুই দেশের মধ্যে অব্যাহত সংলাপ ও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বার্তার শেষাংশে ইতালির রাষ্ট্রপতি সেরজিও মাত্তারেলা বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর অর্পিত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত সাফল্য, শুভকামনা ও দীর্ঘায়ু কামনা করেন।



