দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।’

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ সবার সমান অধিকার। আমরা সবাই বাংলাদেশি।’

তিনি বলেন, ‘জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে জনগণ।’

অর্থনৈতিক, সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে এবার দেশ পুনর্গঠনের পালা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

পরে তিনি ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতা তুলে দেন। একই সময়ে সারা দেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা দেওয়া হয়।