ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ, আদালতে শিক্ষিকা

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে ৩০ বছর বয়সী নারী শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিচার শুরু হয়েছে। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের ওই শারীরিক শিক্ষার শিক্ষিকার বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ আদালতে তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ওই ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন জেমস। পরে তাদের মধ্যে যৌন সম্পর্ক তৈরি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, উইল্টশায়ারের ওই শিক্ষিকা ছাত্রটির সঙ্গে ‘ঘনিষ্ঠ ও রসিকতাপূর্ণ’ সম্পর্ক তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনে যোগাযোগ এবং সাক্ষাতের ব্যবস্থা করতেন তারা।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) আদালতে জানায়, একান্তে সময় কাটানোর সময় ওই কিশোরকে তাকে ‘মিস’ বলে সম্বোধন করতে বলতেন জেমস।

কৌঁসুলিরা আরও দাবি করেন, শিক্ষিকা ওই কিশোরের সঙ্গে যৌন সম্পর্কের পাশাপাশি তাকে ভালোবাসার কথা জানিয়েছিলেন। এমনকি দুজন মিলে অন্য কোথাও পালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও তিনি প্রকাশ করেছিলেন বলে আদালতে জানানো হয়।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে কাজ করার সময় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ।

কৌঁসুলি এডওয়ার্ড কালভার আদালতে বলেন, ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দিতেন জেমস। সেই সুযোগে ওই কিশোর প্রথম তার কাছে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের ইউজারনেম চায়। পেশাগত সীমারেখার কারণে শুরুতে শিক্ষিকা সেই অনুরোধ প্রত্যাখ্যান করলেও পরে নিজেই তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করেন বলে অভিযোগ।

এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে বলে আদালতে জানানো হয়। একপর্যায়ে তারা সরাসরি সাক্ষাৎ করেন এবং গাড়ির ভেতর ঘনিষ্ঠ হন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরে জেমসের বাসায় উইম্বলডন টেনিস ম্যাচ দেখার সময়ও তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর তারা যৌন সম্পর্কে জড়ান বলে আদালতে দাবি করা হয়েছে।

ওই কিশোরের ভাষ্য অনুযায়ী, সম্পর্কের শুরুতে বিষয়টি তার কাছে ভালোই মনে হয়েছিল। তবে পরবর্তীতে সে বুঝতে পারে, জেমস তাকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য সূক্ষ্মভাবে প্রভাবিত করছিলেন।

অন্যদিকে, জেমস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে তিনি লিখিত জবানবন্দিও দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মামলার বিচারকাজে নিযুক্ত জুরি সদস্যদের অব্যাহতি দেওয়া হয়। ফলে বৃহস্পতিবার পর্যন্ত বিচারপ্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল এবং ওই দিন নতুন জুরি সদস্যদের দায়িত্ব দেওয়ার কথা ছিল।