মানুষের শরীরে শূকরের কিডনি, ২৭১ দিন সচল থাকার পর যা হলো
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬
শেষ পর্যায়ের কিডনি বিকলতায় ভোগা এক ব্যক্তির শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। কিডনিটি ২৭১ দিন সচল ছিল। এ সময়ে প্রায় নয় মাস ডায়ালাইসিস ছাড়াই ছিলেন ওই ব্যক্তি।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সম্পন্ন এই প্রতিস্থাপন এখন পর্যন্ত মানুষের শরীরে শূকরের কিডনি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ সময়ের সফল ঘটনা।
টিম অ্যান্ড্রুজ নামের ওই রোগী টাইপ-২ ডায়াবেটিসের কারণে শেষ পর্যায়ের কিডনি বিকলতায় ভুগছিলেন। গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে তার শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়। তখন তার বয়স ছিল ৬৬ বছর।
ম্যাস জেনারেল ব্রিগহাম অ্যাকাডেমিক সেন্টার ও এর অধীন হাসপাতালগুলোর চিকিৎসকেরা বিশ্বে প্রথমবারের মতো এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন। চিকিৎসকদের উদ্দেশ্য ছিল, স্থায়ী মানব কিডনির দাতা পাওয়া পর্যন্ত শূকরের কিডনিকে অস্থায়ীভাবে ব্যবহার করা।
প্রতিস্থাপনের পর কিডনিটি তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে। তবে প্রায় ছয় মাস পর কিডনিটির রক্তনালিতে ক্ষতির লক্ষণ দেখা দেয়। পরে সেই ক্ষতি বাড়তে থাকলে কিডনিটি বিকল হওয়ার পর্যায়ে পৌঁছে যায়। একপর্যায়ে চিকিৎসকেরা সেটি শরীর থেকে অপসারণ করেন।
এরপর মানবদাতার কিডনি পাওয়ার আগ পর্যন্ত অ্যান্ড্রুজকে কিছুদিন ডায়ালাইসিস নিতে হয়। পরে একজন মানবদাতার কাছ থেকে তার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়।
প্রাণীর দেহ থেকে মানুষের দেহে অঙ্গ প্রতিস্থাপনের এই পদ্ধতিকে ‘জেনোট্রান্সপ্লান্টেশন’ বলা হয়।
সিএনএনের একটি তথ্যচিত্রে অ্যান্ড্রুজ তার অভিজ্ঞতাকে ‘অলৌকিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘আমি বেঁচে ছিলাম, এবং অনেক দিন ধরে আমি বাঁচিনি।’
গবেষকেরা জানিয়েছেন, চিকিৎসার কোনো পর্যায়েই অ্যান্ড্রুজের শরীরে শূকরের কোনো ভাইরাস বা অন্য কোনো রোগজীবাণুর সংক্রমণ শনাক্ত হয়নি।
ম্যাস জেনারেল ব্রিগহামের সেন্টার ফর ট্রান্সপ্লান্টেশন সায়েন্সেসের গবেষণাটির প্রধান লেখক ড. লিওনার্দো রিয়েলা বলেন, দাতা অঙ্গের সংকট বর্তমানে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। শেষ পর্যায়ের কিডনি রোগীদের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা হলো কিডনি প্রতিস্থাপন। কিন্তু সময়মতো প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত মানব কিডনি পাওয়া যায় না।
রিয়েলা বলেন, তাদের লক্ষ্য হলো জেনোট্রান্সপ্লান্টেশনকে এই ঘাটতি পূরণের একটি উপায় হিসেবে ব্যবহার করা। প্রাথমিক পর্যায়ে এটি এমন রোগীদের জন্য ‘সেতু চিকিৎসা’ হিসেবে কাজ করতে পারে, যারা মানবদাতার কিডনির অপেক্ষায় রয়েছেন। এতে অপেক্ষার সময় তারা ডায়ালাইসিস থেকে মুক্ত থাকতে পারবেন।
ভবিষ্যতে এই পদ্ধতির দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা গেলে জেনোট্রান্সপ্লান্টেশন নিজেই একটি স্বতন্ত্র চিকিৎসাপদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে জানান তিনি।
পরীক্ষামূলক এই চিকিৎসায় অংশ নেওয়া রোগীদের ‘প্রকৃত পথিকৃৎ’ হিসেবে প্রশংসা করেছেন ড. রিয়েলা। তাদের বিশ্বাস ও সাহস ছাড়া এই গবেষণা চালিয়ে যাওয়া সম্ভব হতো না বলেও জানান তিনি।
গবেষকেরা বলছেন, এই গবেষণার ফলাফল মানব কিডনির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা রোগীদের ক্ষেত্রে শূকরের কিডনিকে সম্ভাব্য ‘সেতু চিকিৎসা’ হিসেবে ব্যবহারের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
এর আগে ২০২৪ সালে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে একজন জীবিত মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। ওই রোগী প্রতিস্থাপনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এমন হৃদরোগজনিত সমস্যায় মারা যাওয়ার আগে ৫২ দিন বেঁচেছিলেন।
যুক্তরাজ্যের এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্টের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট ড. রোমেল রাবণন বলেন, ২০২২ সাল থেকে আমেরিকা ও চীনে এ ধরনের আরও কয়েকটি শূকরের অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে।
তবে বর্তমানে যুক্তরাজ্যে এ ধরনের পদ্ধতি নিয়ে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল চলছে না। যদিও দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলো ভবিষ্যতে এই চিকিৎসাপদ্ধতি কীভাবে চালু করা যেতে পারে, তা নিয়ে পর্যালোচনা করেছে।



